ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৪১১টি মামলা তুলে নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সরকারি কমিটি। (বিস্তারিত)
মঙ্গলবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে পাঁচটি।
সভা শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির ১৯ তম সভায় মঙ্গলবার মোট ৭৬১টি মামলা পর্যালোচনার জন্য ওঠে। এর মধ্যে দুদকের ছিলো ১২টি। বাকিগুলো দণ্ডবিধি ও অন্যান্য আইনের।
এরমধ্যে ৪১১ টি প্রত্যাহারের সুপারিশ করা হয়, সুপারিশ নামঞ্জুর করা হয় ৯০টি। এছাড়া আরো ২৬০টি পরবর্তী সভায় পর্যালোচনার জন্যে পাঠানো হয়।
এ নিয়ে কমিটি ৫ হাজার ৫৩৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করলো।
কামরুল ইসলাম জানান, কমিটিতে এ পর্যন্ত ৮ হাজার ৬৬৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ এসেছে। এর মধ্যে ৫ হাজার ১২৮টি দণ্ডবিধির এবং দুদকের ৪১১ টি মামলা প্রত্যাহার হয়েছে।
এসব সুপারিশের বাইরে আরো প্রায় তিন হাজার মামলা প্রত্যাহারের আবেদন পরীক্ষা-নিরীক্ষারর অপেক্ষায় আছে। সেগুলো নিষ্পত্তি হলে কমিটির কার্যক্রম শেষ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন সচিব আনোয়ারুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিরোধী দল অভিযোগ করে আসছে, এ প্রক্রিয়ায় সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার হলেও তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই বাছাই কমিটি গঠন করা হয়।
এর পর একই বছরের ১০ জুন কমিটির প্রথম সভায় মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24