২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের চট্টগ্রাম সফরসূচিতে ইসি বিব্রত: সাখাওয়াত

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের চট্টগ্রাম সফরসূচি নির্বাচন কমিশনকে বিব্রত করেছে বলে মনে করেন কমিশনার এম সাখাওয়াত হোসেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 04:32 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের চট্টগ্রাম সফরসূচি নির্বাচন কমিশনকে বিব্রত করেছে বলে মনে করেন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "সিটি করপোরেশন নির্বাচনের আগে এ সময়ে তারা চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর রুটিন কাজ বাড়িয়ে দিয়েছেন। এতে নির্বাচন কমিশন বিব্রত।" সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও নির্বাচনে দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে এক সভায় সাখাওয়াত এ কথা বলেন। তিনি বলেন, "নির্বাচনের সময়ে গম বিতরণ ও উন্নয়নমূলক কাজ কয়েকদিন বন্ধ রাখলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।" যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের নাম উল্লেখ করে সাখাওয়াত বলেন, নির্বাচনের সময় কোনো বহিরাগতকে চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না। এ সময় বহিরাগতদের চট্টগ্রাম সফর নির্বাচনের শৃঙ্খলা ব্যাহত করবে।" তিনি জানান, ১৪ জুন থেকে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র‌্যাব, আমর্ড পুলিশ, আনসারসহ সব বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। আইন ভঙ্গকারীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবার শুধু ভোট কেন্দ্র নয়, ভোটারদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে সাখাওয়াত জানান। সভায় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি, পুলিশ সুপারিনটেনডেন্ট এ জেড এম মোর্শেদ, চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান, র‌্যাবের কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপকমিশনার, নির্বাচনে ৪১টি ওয়ার্ডের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিডিআর ও আনসার কর্মকর্তারা। এর আগে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন নিবাচন কমিশনার। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাখাওয়াত বলেন, "আমরা চট্টগ্রামে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। এজন্য মেয়র প্রার্থীদের কাছ থেকে সহনশীল আচরণ আশা করছি।" নির্বাচনে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হলেও তা দলীয় নির্বাচনে পরিণত হয়েছে। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহবান জানিয়ে সাখাওয়াত বলেন, "নির্বাচনে হেরে গেলে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করার পুরনো রীতি থেকেও বের হয়ে আসতে হবে।" নগরী ও এর বাইরের পাঁচটি উপজেলার ২০০০ সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২২২টি সার্কিট হাউসের সভায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমশিনার মো. মনিরুজ্জামান নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বলেন, এবারে সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২২২টি। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭৪টি। ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে এ সংখ্যা ছিল ৫৭৭টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন বাহিনীর 'কো-অর্ডিনেশন' দল থাকবে। এছাড়া ভোটকেন্দ্রের প্রতিটি বুথে চেকপোস্ট থাকবে বলেও পুলিশ কমিশনার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসএএ/এমএসবি/১৮৩৪ ঘ.