ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর টোল ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'বৈষম্য কমাও, উত্তরবঙ্গ বাঁচাও' শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সম্মেলনে বক্তারা বলেন উত্তরবঙ্গের ৪ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই বঙ্গবন্ধু সেতুর টোল কমাতে হবে।
তারা বলেন, প্রায় ৩৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর প্রকল্প ব্যয় ২৫ বছরের মধ্যে পরিশোধের প্রস্তাব থাকলেও গত ১৩ বছরে প্রতি বছর গড়ে ২২৫ কোটি টাকা হিসেবে মোট টোল আদায় হয়েছে প্রায় ৩০০০কোটি টাকা। এই হারে সম্পূর্ন টোল আদায় হতে সময় লাগবে মাত্র ১৫ বছর।
বক্তারা আরও বলেন, এই সেতুতে দেশের অন্যান্য দীর্ঘ সেতুর তুলনায় ১০ থেকে ৪০ গুন বেশি টোল আদায় করা হচ্ছে। তাই ২০১০-২০১১ সালের বাজেট থেকেই টোল ৫০ শতাংশ কমানোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাকিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২০২০ ঘ.
bdnews24