বাগেরহাট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেজাল সন্দেহে বাগেরহাটে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ হাজার ৪৭২ কেজি নারিকেল তেল জব্দ করেছে পুলিশ।
তেলবাহী ট্রলারসহ আটক করা হয়েছে তিনজনকে।
রোববার গভীর রাতে বাগেরহাট শহরের নাগের বাজারের সুপারীপট্টি খেয়াঘাট থেকে এসব তেল আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে জব্দ করা নারিকেল তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (্এসআই) মো. ইমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভেজাল সন্দেহে ট্রলারসহ ৬৯৯ টিনে পাঁচ হাজার ৪৭২ কেজি নারিকেল তেল জব্দ করে।
এ সময় ট্রলার চালক ও তার দুই সহকারীকে আটক করা হয়।
এরা হলেন- ট্রলার চালক পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমড়াতলা গ্রামের মো. সোহরাব হোসেন হাওলাদার (২৬), তার দুই সহকারী একই উপজেলার কুমিয়ান গ্রামের মো: জাহিদ শরীফ (২৭) ও মাগুরা গ্রামের মো. ইদ্রিস আলী (২৪)।
এসআই ইমান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেছেন- এসব তেল নদীপথে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নেওয়া হচ্ছিল। ব্যবসায়ীরা তাদের ভাড়া করেছে। তবে তারা তেলের কোনো কাগজ-পত্র দেখাতে পারেনি।
তিনি জানান, আটক তেলের মধ্যে ১২টি ব্র্যান্ডের তেল রয়েছে। এর মধ্যে আছে- শহরের নাগেরবাজার এলাকার জয়শ্রী অয়েল মিলের জোড়া বাঘ ও ক্রস গ্রেড মার্কা, পাপন অয়েল মিলসের রাজা সিংহ ও কিং ব্র্যান্ড, প্রগতি এন্টারপ্রাইজের প্যারাসুট ও নবাব, মেসার্স আদি শালিমার কোকোনাট অয়েল মিলসের তিনগাছ, নাবা এন্টারপ্রাইজের ডালিয়া ফুল, আপেল, মদিনা ও গ্রামীণ এবং মেসার্স সোনালী ট্রেডিং এর তিনগাছ মার্কা।
জব্দকৃত তেলের ৪১টি টিন নমুনা হিসেবে পুলিশের কাছে রেখে বাকি তেল বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়।
এ ঘটনায় বাগেরহাট সদর থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
আটককৃতদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও গোয়েন্দা কর্মকর্তা জানান।
মেয়র খান হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের হাতে বিগত দিনে বহুবার বাগেরহাটের নারিকেল তেল ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়েছেন। বহুবার বিএসটিআই এর পরীক্ষায় ভেজাল প্রমাণিত না হলেও বার বার পুলিশ তেল আটক করে চলেছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর দাবি করেন, ব্যবসায়ীদের হয়রানি কমাতে তেল নিজের জিম্মায় রেখেছেন। পুলিশকে নমুনা হিসাবে ৪১ টিন তেল দেওয়া হয়েছে। ভেজাল প্রমাণিত হলে তিনি বাকি তেল পুলিশের কাছে হস্তান্তর করার অঙ্গীকার করেছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24