গাইবান্ধা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় রোববার রাতে কালবৈশাখী ঝড়ে দু'শয়েরও বেশি ঘরবাড়ি এবং বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এ সময় বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
রাত ৮টার দিকে এই ঝড় পাঁচ মিনিটের মতো স্থায়ী হয় বলে তিনি জানান গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান মোছা. শাহিদা ফারাজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের পূর্ব নুনতলা, চাঁদপুর, নয়াপাড়া ও কামাড়পাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে একশ'র বেশি বাড়িঘর, মন্দির, মসজিদ বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে যায়।
ঝড়ের সময় বজ্রপাতে পূর্ব নুনতলা গ্রামের বৃদ্ধা ফতে বেওয়া (৭০) নিহত হন।
এছাড়া ওই গ্রামের আঞ্জুমান আরা (৩৫), আবু সাইদ (১০), ময়না (৪০), কামাড়পাড়া গ্রামের আব্দুর রহমান (২৭), তার স্ত্রী রশিদাসহ ২০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু জানান, উপজেলার জুমারবাড়ী ও হলদিয়া ইউনিয়নে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সরকার বাদশা জানান, দহবন্দ, রামজীবন, ছাপড়হাটী, সর্বানন্দ ও শান্তিরাম ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়িসহ স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির এবং বেশকিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।
সকালে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ক্ষতিগ্রস্ত রাখালবুরুজ ইউনিয়ন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ সাড়ে উনিশ হাজার টাকা বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24