২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় জরিমানা

বহুতল ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্র না নেওয়ার অভিযোগে সিলেটে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

সিলেট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুতল ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্র না নেওয়ার অভিযোগে সিলেটে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকা ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের নেতেৃত্ব দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক এরফান আলী সোনার, সহকারী পরিচালক পরিমল কুণ্ডু। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপপরিচালক এরফান আলী সোনার সাংবাদিকেদের জানান, অগ্নিনির্বাপন ব্যাবস্থা না থাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্র না নেওয়ায় দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরী এলাকার হানিফ অটো বোর্ড কোম্পানিকে ২০ হাজার টাকা, মা মনি ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা, রসমেলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর সোবহানীঘাট এলাকার রহিম টাওয়ারকে ২৫ হাজার টাকা, জিন্দাবাজারের আজগর স্কয়ারের সপুরা সিল্ককে ২০ হাজার ও ক্যাটস আইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে অগ্নিনির্বাপন ব্যবস্থা চালু করা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফায়ার সার্ভিস কর্মকর্তা এরফান সাংবাদিকেদের বলেন, "সিলেট নগরীর প্রায় ৯৫ ভাগ ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই। আমরা বারবার চিঠি দিলেও ভবন মালিকরা সাড়া দিচ্ছেন না। তাই ভ্রাম্যমাণ অদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।" এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২১ ঘ.