রাবি, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরের আরো আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রলীগ কর্মী ফারুক নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সোমবার এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি আবুল খায়ের।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক, করিম, বায়েজিদ, হাসান-উজ্জামান, শামীম, আবুল কালাম, হাবিবুল্লাহ ও ইসহাক।
গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষ হয়। শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী ফারুক মারা যান বলে পুলিশ জানিয়েছে। পরদিন একটি ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এ পর্যন্ত শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিহার থানার ওসি জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে শহীদুল্লাহ কলা ভবন থেকে পুলিশ তাদের আটক করে।
এসময় ছাত্রলীগের হাতে তিন শিবির কর্মী আহত হয় বলে জানায় পুলিশ।
তবে ছাত্রলীগের পক্ষে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ওসি আবুল খায়ের জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষে আট শিবির কর্মীকে আটক করা হয়।
শহীদুল্লাহ কলা ভবনের ৪০৭ ও ৪১০ নম্বর কক্ষে সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১০-১৫ জন শিবির কর্মী অংশ নেওয়ার খবর পেয়ে কলা ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।
এসময় সেখানে ছাত্রলীগ রাবি শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত হয়।
পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগকর্মীরা ফারুক, করিম ও বায়েজিদ নামের তিন শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় বাকিদের আটক করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মতিহার থানার পুলিশ কর্মকর্তা।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু শিবিরকর্মীদের পেটানোর অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "রগকাটা শিবিরকে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করবো। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু ধর্মের রাজনীতি থাকবে না।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24