২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাজেট প্রস্তাব উপস্থাপন

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

বাংলাদেশ/ ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন তার এই বাজেট প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, "আগামীতে অর্থনীতি আরো বেশি মুখ থুবড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। আর তাই অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে জনগণের কল্যণ নিশ্চিত করার জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা (প্রস্তাব) তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।'' তিনি আশা প্রকাশ করেন যে সরকার বিএনপির এই প্রস্তাব বিবেচনায় আনবে। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "এই প্রস্তাবনা (প্রস্তাব) উপস্থাপনের মাধ্যমে পথভ্রষ্ট সরকার নিজেদের ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবে।'' একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে বিনিয়োগ আশংকাজনক হারে কমে গেছে, শ্রমবাজার সংকুচিত হয়ে গেছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ঢাকায় বিদেশী মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় বাজেট ঘোষণার আগে বিরোধী দলের নেতার পক্ষ থেকে এরকম বাজেট প্রস্তাব উপস্থাপন এই প্রথম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন বিকালে জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট। বাজেট প্রস্তাব উপস্থাপনকালে বিরোধী দলীয় নেতার সঙ্গে একই মঞ্চে উপবিষ্ট ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন কাদের চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতা ও সাংসদরা ছিলেন। অতিথি সারিতে ছিলেন- চীন, পাকিস্তান, থাইল্যান্ড, ভ্যাটিকান সিটি, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতিনিধি। এছাড়া খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অর্থনীতিবিদ অধ্যাপক মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মাহবুবউল্লাহ, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেন, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন, সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭১৯ ঘ.