ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোতয়ালি থানা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের একদিনের পুলিশি হেফাজত (রিমাণ্ড) মঞ্জুর করেছে আদালত।
কোতয়ালি থানার উপপরিদর্শক মোখলেসুর রহমান এই মামলায় রোববার মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান।
সেই আবেদনের ওপর সোমবার আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভুঁইয়া মাহমুদুর রহমানের একদিনের হেফাজত মঞ্জুর করেন।
অন্যদিকে পুলিশের ওপর হামলার অপর মামলায় বুধবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়ে মাহমুদুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
পরদিন তেজগাঁও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম ওই মামলায় আবারো পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। সোমবার এই আবেদনের ওপর কয়েক দফায় শুনানি অনুষ্ঠিত হয় মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদারের এজলাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/কেএমএস/১৬৫৩ ঘ.
bdnews24