ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
পত্রিকাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে আবেদনটি দায়ের করেন।
চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাশমত আলীকে প্রকাশক করে ২০০৪ সালের সেপ্টেম্বরে পত্রিকাটি প্রকাশিত হয়। এরপর ২০০৮ সালে সাবেক জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন।
সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয়। এরপর ২ জুন ভোররাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এর আগের দিন হাশমত আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুরের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, আমার দেশের কোনো প্রকাশক না থাকায় এর প্রকাশনা বাতিল করা হয়েছে। প্রকাশক হাশমত আলী গত বছরের ১১ অক্টোবর পদত্যাগ করেন। এর আগে ওই বছরই ৩ সেপ্টেম্বর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রকাশক হওয়ার জন্য জেলা হাকিমের কাছে আবেদন করেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিট আবেদনটি পরিচালনা করবেন।
মাহমুদুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৫৪ঘ.
bdnews24