২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবসে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 04:36 AM

Updated : 25 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৬ দফা দিবসে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা তার সঙ্গে ছিলেন। দিবসটি পালনে আওয়ামী লীগ রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৬ দফা দিবস। ১৯৬৬ সালের ৭ জুন তদানীন্তন পূর্ব পাকিস্তানের বৈষম্যের শিকার বাঙালিদের 'মুক্তির সনদ' হিসেবে পরিচিত হয়ে ওঠা ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে পালিত হয় হরতাল। সেদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে পাকিস্তানি বাহিনীর গুলিতে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ বেশ কয়েকজন নিহত হয়। স্বায়ত্তশাসনের দাবির এই আন্দোলনের পথ ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা। দিবসটি উপলক্ষে সোমবার ভোর ৫টা ১০মিনিটে বঙ্গবন্ধু জাদুঘর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যান। সেখানে তিনি প্রথমে বঙ্গবন্ধু যে সিঁড়িতে নিহত হন সে সিঁড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সুরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী এবং তারপর দলীয় সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, "এই সরকারের সময়ই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। সরকার যে কোনো মূল্যেই হোক না কেনো জঙ্গিবাদ নির্মূল করবে।" ৬ দফা দিবস উপলক্ষে বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ১৯৬৬ সালের ৫ ফেব্র"য়ারি লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বৈঠকে শেখ মুজিবুর রহমান ৬ দফা উত্থাপন করেন। ৬ দফার মূল কথা ছিল, পাকিস্তানের একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করে প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসইউএম/বিএম/এজে/১০১৯ ঘ.