২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি: ন্যাশনাল ফোন চেয়ারম্যানের জামিন

বেসরকারি পিএসটিএন ফোন কোম্পানী ন্যাশনাল ফোনের চেয়ারম্যান আনিছুর রহমান সিনহা ও ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীরসহ ২১ আসামীকে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে দায়ের করা মামলায় জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুন ৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি পিএসটিএন ফোন কোম্পানী ন্যাশনাল ফোনের চেয়ারম্যান আনিছুর রহমান সিনহা ও ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীরসহ ২১ আসামীকে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে দায়ের করা মামলায় জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইসমাইল হোসেন এ জামিন দেন। মামলার অপর আসামী ন্যাশনাল ফোনের পরিচালক রেবেকা জাহাঙ্গীর ও টেলিফোন ইঞ্জিনিয়ার রাবেয়া জামান আগে থেকেই জামিনে আছেন। সুপ্রীমকোর্টের আইনজীবী আনিসুল হক আসামি পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন। আসামি পক্ষের অপর আইনজীবী শাহীনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রত্যেককে ১০ হাজার টাকার মুচলেকায় আদালত এ জামিন মঞ্জুর করেন। মামলার এজাহারে জানা যায়, গত ২৩ মার্চ বিটিআরসি'র একটি দল ন্যাশনাল ফোনের ৮২, মহাখালী টাওয়ার কার্যালয়ে যায়। সেখানে সুইচরুম থেকে ডাটা নিয়ে টেকনিক্যাল বিশেষজ্ঞের মতামত গ্রহণ করে। বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি অবৈধ ভিওআইপি ব্যবসা করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক কল আদান-প্রদান করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ অভিযোগে গত ২৫ মার্চ বিটিআরসির সহকারি পরিচালক মাইদুল ইসলাম বাদী হয়ে ন্যাশনাল ফোনের ২৩ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/কেএমএস/২১৫৯ ঘ.