ঢাকা, জুন ৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার তাকে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান।
আদালত পুলিশের রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিঞা ও মাহমুদুরের আইনজীবী বেলাল হোসেন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে করা প্রতারণা ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে।
ওইদিনই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলাটি করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাজাহান মিঞা।
মাহমুদুরের আইনজীবী বেলাল জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- জাতীয়তাবাদী ছাত্রদলের এক-দেড়'শ নেতাকর্মী আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে মাহমুদুর রহমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তেজগাঁও শাখা ছাত্রদল নেতা হাফিুজুর রহমানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান রোববার আদালতে মাহমুদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।
এদিকে পুলিশের ওপর হামলা মামলায় বুধবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়ে মাহমুদুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
পরদিন তেজগাঁও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম ওই মামলায় আবারো পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আগামীকাল সোমবার এই আবেদনের শুনানির হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24