কিশোরগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা বাজারে রোববার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ আরো অন্তত ৩৭ জন।
ঘটনাস্থল থেকে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।
নিহত হয়েছেন উপজেলার সহশ্রাম গ্রামের আল আমিন (২৫)।
আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
কটিয়াদি থানার ওসি ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে সহশ্রাম ও দুর্গাপুর গ্রামের কয়েক হাজার মানুষ গচিহাটা বাজারে দেশি অস্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলে মারা যান।
সংঘর্ষ থামাতে এলে ইট-পাটকেলের আঘাতে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আজবাহার আলী শেখসহ পুলিশের ১২ জন আহত হন। গ্রামবাসীদের মধ্যে আহত হয় অন্তত ২৫ জন।
পরে ৫০ রাউন্ড গুলি ও দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এলএন/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24