২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে নিহতদের স্মরনে সংসদে শোক

রাজধানীর পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ এই শোক প্রস্তাব উত্থাপন করেন। বিকাল ৪টা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। শোক প্রস্তাব উপস্থাপনের সময়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ সাংসদরা উপস্থিত ছিলেন। গত ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১৭ জন, ১ জুন তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হয়। এই প্রাণহানিতে সংসদে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব আনা হয়। স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করে নিহত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান। নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডের পরদিন শনিবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়। এদিন সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৩৫ ঘ.