২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা নয় কেনো: আদালত

বিচারক নিয়োগে ব্যক্তি বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে কেনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিচারক নিয়োগে ব্যক্তি বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে কেনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি কেনো ওই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর গত ৩০ মে আবেদনটি দায়ের করেন। এছাড়া ইতিপূর্বে বিচারক নিয়োগে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবকে তা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। আবেদনে বলা হয়েছে, বিচারক নিয়োগে ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে এতদিন রাজনীতিকরণ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ও অসন্তোষ দেখা দিয়েছে। আবেদনে আরও বলা হয়, যারা দলীয় আনুগত্য প্রদর্শন করেছে তাদেরকে বিচারক নিয়োগের জন্য বাছাই ৬করা হয়েছে। আবেদনে এ বিষয়ে সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী মাযদার হোসেন মামলার রায়ের উদাহরণ টেনে বলা হয়, ওই রায়ে বিচারক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ্বতা বজায় রাখার কথা বলা হয়েছে। রিটকারীর পক্ষে ব্যারিস্টার হাসান এস এম আজিজ রোববার শুনানিতে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আমলে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সংসদে তা পাশ না করায় এর কার্যকারিতা হারিয়েছে।" তিনি আরো বলেন, "বিচারক নিয়োগে রাজনীতিকরণের বিষয়টি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৫৫০ঘ.