২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক অসন্তোষ

শ্রমিক অসন্তোষের জেরে শনিবার সাভারের গণকবাড়ি এলাকায় দু'টি তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

সাভার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের জেরে শনিবার সাভারের গণকবাড়ি এলাকায় দু'টি তৈরি পোশাক কারখানায় একদিনের ছুটি দেওয়া হয়েছে। সকালে কাজ করার সময় 'নাজ নীট ওয়্যার লিমিটেডে'র এক শ্রমিককে আটকে রেখে কর্মকর্তারা মারধর করছে বলে খবর যায় ভবনের আরেকতলায় একই মালিকের কারখানা 'ওলী নীট ওয়্যার ফ্রেবিক্স লিমিটেডে'। এরপর কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হলে কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উদ্ভূত পরিস্থিেিত কর্তৃপক্ষ কারখানা দু'টি একদিনের জন্য ছুটি দেয় বলে শ্রমিকরা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে কারখানা ছুটির পর শ্রমিকবাহী বাসে যাওয়ার সময় সিটে বসা নিয়ে পরিবহন স্টাফদের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পরিবহন স্টাফরা তিন শ্রমিককে মারধর করে। শনিবার সকালে নাজ নীট ওয়্যার লিমিটেডে ও ওলী নীট ওয়্যার ফ্রেবিক্স লিমিটেডের শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার দাবি করে কর্মবিরতি শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেয়। এর কিছুক্ষণ পরই নাজ নীট ওয়্যার লিমিটেডে শ্রমিককে মারধরের খবর আসে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিষ্ঠান দু'টির নির্বাহী পরিচালক কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন সেটটি বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/২২০৪ ঘ.