২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনগরে ২১ তলা ভবনটি পরীক্ষা করা হচ্ছে

রাজধানীর শান্তিনগরে ২১ তলা ভবন কনকর্ড গ্র্যান্ড-এ ফাটল আতঙ্কে ভবনের বাসিন্দারা ভবন ছেড়ে চলে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে ২১ তলা ভবন কনকর্ড গ্র্যান্ড-এ ফাটল আতঙ্কে ভবনের বাসিন্দারা ভবন ছেড়ে চলে গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভবনটি পরীক্ষা করে দেখছে। পরীক্ষা-নিরীক্ষার পর ঘোষণা দেওয়া হবে ভবনটি ঝুঁকিপূর্ণ কী না। ভবনের বাসিন্দারা জানান, শনিবার বেলা ১২টার দিকে এ ফাটল নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ভবনটিতে গিয়ে নিচের দিকে কয়েকটি পিলারের কাছে ফাটল চিহ্নিত করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থলে বলেন, "ভবনটির নীচতলার দেয়ালে ফাটল দেখা গেছে। তবে এটা ভবনের নির্মাণ ক্রটিজনিত নাকি প্লাস্টারের ফাটল তা পরীক্ষা করে দেখা হচ্ছে।" ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর মো. শাহজালালের নেতৃত্বে দমকলবাহিনীর একটি দল ভবনের দেয়ালের আস্তরণ (প্লাস্টার) কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলে পরীক্ষা করে। ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানান, এই দলটি ভবনের মূল দেয়াল বা পিলারে ঝুঁকিপূর্ণ কোনো ফাটল পায়নি। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইমারত বিশেষজ্ঞ দল ভবনের দেয়াল পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। শনিবার বিকালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে তিন সদস্যের একটি ইমারত বিশেষজ্ঞ দল ভবনটি পরীক্ষা শুরু করে। এদিকে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডের একটি বিশেষজ্ঞ দল ভবনটি পরীক্ষা করছে। চার সদস্যের এই বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামীম জেড বসুনিয়া। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে গেছেন। এর আগে দুপুরে স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।" ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বেগুনবাড়িতে একটি সাততলা ভবন হেলে পড়া এবং এর আগে গত মঙ্গলবার পাঁচতলা একটি ভবন ধসে প্রাণহানির প্রেক্ষাপটে শান্তিনগরে ভবন ফাটলের এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পল্টন থানার ওসি মো. শহীদুল হক বলেন, "১৬৯/১ নগরের ২১ তলা ওই ভবনে ফাটল দেখা দেওয়ায় ভবনটির বাসিন্দারা নেমে এসেছেন।" ভবনটির বাসিন্দারা জানিয়েছেন, তাদের মনে হয়েছিলো ভবনটি হেলে পড়েছে। তাই তারা নেমে এসেছেন। এ ঘটনায় শান্তিনগর মোড় থেকে রাজারবাগ পুলিশ লাইন মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আশপাশ এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসআইটি/এলএইচ/এসএম/আরএ/কেএমএস/১৭০৭ ঘ.