২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতাদের সঙ্গে খালেদার বৈঠক রাতে

১৭ মাস পর চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ মাস পর চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত ৮টার দিকে এই বৈঠক বসবে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি আরো জানান, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি সফল করতে চারদলীয় জোট ও একই মতাদর্শের দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামীকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আমির মতিউর রহমান নিজামী। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে আমরা রাত ৮টায় আমাদের আমিরের নেতৃত্বে সেখানে যাব।" তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে- সে সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হয়। নির্বাচনের পর জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তার। আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন নিতে খালেদা জিয়া গত ২৭ মে চারদলীয় জোটভুক্ত ও সমর্থিত দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি শুরু করেন। প্রথম দিন তিনি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর গত এক সাপ্তাহে খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩০১ ঘ.