২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

বগুড়ার ধনুট উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 07:05 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

বগুড়া, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধনুট উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এক পাশে লম্বালম্বিভাবে ভাঙ্গায় পানি ঢুকতে পারেনি। এছাড়া ইউনিয়নের আটাচর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে (পুরাতন) ২৫ মিটার অংশে ফাটল ধরেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন সাংবাদিকদের জানান, বালুর ব্যাগ ও কংক্রিটের ব্লক ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে। তিনি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে যমুনার বন্যা নিয়ন্ত্রন বাঁধে (পুরাতন) ফাটল ধরে। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে বাঁধে ফাটল ধরে। এলাকার মোজাম্মেল সাংবাদিকদের জানান, ফাটল এলাকায় কয়েক'শ গজ দূরে ভাঙ্গন প্রতিরোধে স্পার নির্মাণ করা হয়েছে। ফাটলের কারণে পশ্চিম পাশের নতুন বাঁধ ও দক্ষিণ দিকের স্পার হুমকির মুখে পড়েছে। ধুনট উপজেলায় নির্বাহী অফিসার আব্দুল্লাহ হারুন জানান, এলাকাবাসীর কাছ থেকে বিকালে ঘটনাটি জানার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রঘুনাথপুর এলাকার আপেল মাহমুদ জানান, দুপুর ১২ টায় বগুড়া পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী কে এম জহুরুল হক ও শাখা কর্মকর্তা এনামুল হক প্রকল্প এলাকা পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.