ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের উপর বোমা হামলায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে।
পুলিশ বোমা হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পাঁচটি গ্রেনেড ও কিছু গান পাউডার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেনেড নিষ্ক্রিয় করার জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। পরে রাতেই গেন্ডারিয়ার একটি মাঠে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ জানায়, বোমা হামলাকারী যুবকের নাম সৈকত (২৫)। সে কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গেন্ডারিয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, তার কাছ থেকে উদ্ধার করা গ্রেনেডগুলোর সাথে জুরাইনে পুলিশের উপর হামলায় ব্যবহৃত গ্রেনেডের মিল রয়েছে।
ওয়ারি অঞ্চলের উপ-পুলিশ কমিশনার তৌফিক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৬ টার দিকে রিক্সাযাত্রী সৈকতকে দেখে সন্দেহ হলে দয়াগঞ্জ চেকপোস্টের পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সৈকত পুলিশের উপর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে মো. ওয়ালিউর নামের একজন কনস্টেবল এবং তিন পথচারী আহত হয়।"
ওয়ালিউরকে পুলিশ হাসপাতালে এবং আহত পথচারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৌফিক মাহবুব জানান, সৈকতের সাথে থাকা বস্তার ভেতর থেকে কিছু গানপাউডার ও একটি সাইড ব্যাগ থেকে পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়।
তিনি বলেন, "জুরাইনে পুলিশের উপর হামলায় যে গ্রেনেড ব্যবহার করা হয়েছে সেগুলোর সঙ্গে এই গ্রেনেডের মিল রয়েছে। এ কারণে এই যুবক কোনো জঙ্গি গোষ্ঠীর কর্মী হতে পারে সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২২১০ ঘ.
bdnews24