মাদারীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচরে ট্রলারডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে একজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে শিবচর উপজেলার চরজানাজা এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী তিন ট্রলার ডুবে যায়।
এর পরপরই একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে দুজন।
এর মধ্যে বন্দর খোলা হাছান বেপারির কান্দি এলাকার চান মিয়ার (৭০) লাশ উদ্ধার করা হয় শুক্রবার সকালে।
আগেরদিন উদ্ধার করা হয় মোল্লকান্দি গ্রামের সালাম মিনার ছেলে শাকিল মিনার (৮) লাশ।
শিবচর থানার থানার ওসি মো. আবদুল জলিল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে মাদবরচর হাট থেকে চরজানাজাত-খাসেরহাটগামী যাত্রীবাহী তিনটি ট্রলার ছেড়ে যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে।
তিনি জানান, আজ (শুক্রবার) সকাল ১০টায় চান মিয়ার লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন বাচ্চু মিয়া নামের একজন। তাকে উদ্ধারের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24