চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামবাসী মেয়র পদে পরিবর্তন চায় বলে মনে করেন বিএনপি'র সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, "আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসী ব্যালটের মাধ্যমে এর প্রতিফলন ঘটাবে।"
বৃহস্পতিবার বিকালে নগরীর পাহাড়তলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী নোমান এ কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, "চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সদ্য বিদায়ী মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।"
জনগণ সিটি কর্পোরেশন থেকে সেবা পেতে চায় উল্লেখ করে তিনি প্রত্যাশিত সেবা পেতে মনজুর আলমকে বিজয়ী করার আহবান জানান।
নোমান মনে করেন, নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর সুযোগ পেয়েও এর সদ্ব্যবহার করতে পারেননি।
তিনি ১৭ জুন ভোট কারচুপি প্রতিরোধ করতে বিএনপিকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহবান জানান।
মনজুর আলম তার পক্ষে পরিবর্তনের জন্য কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি'র কেন্দ্রীয় নেতা এএম নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান শামীম, স্থানীয় নেতা এম এ সবুর, মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
চট্টগ্রাম মহানগর বিএনপি'র রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা আব্দুল্লাহ আল নোমান ও তার অনুসারী নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী তফশিল ঘোষণার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মনজুর আলমের পক্ষে মাঠে নামলেন।
এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনের প্রথম সেক্রেটারি (হেড অব পলিটিক্যাল এন্ড গ্লোবাল ইস্যু) সাইমন লিভার ও রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমান মনজুর আলমের সাথে সাক্ষাত করেন।
এসময় মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে মনজুর আলম নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন। বহদ্দারহাট এলাকায় গণসংযোগকালে মনজুরের সঙ্গে ছিলেন বিএনপি'র আরেক সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/০৩৪৫ ঘ.
bdnews24