ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থানে ঝড়ে এক হাজারের বেশি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি।
ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে মারা গেছেন একজন। আহত হয়েছে শতাধিক লোক।
বুধবার রাত ও বৃহস্পতিবার ঝড়ের সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও প্রশাসন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: গাজীপুরে ঝড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম- সফিকুল ইসলাম (২৫)।
তিনি গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের মোজাহার আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঝড়ে গাজীপুর সদরের চান্দনা গ্রামের নুরুল ইসলামের ছয়তলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী পড়ে মারা গেছেন এই নির্মাণ শ্রমিক।
টঙ্গী থানার এসআই মালেকা বানু জানান, বুধবার ঝড়ে টঙ্গী থানার পূর্বপাশের সীমানা প্রাচীরের ৫০ হাত ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫০ হাত পরিমান প্রাচীর।
সদর উপজেলার দিঘীর চালা এলাকার নুর প্লাজার স্বত্বাধিকারী কে জেড নাঈম জানান, ঝড়ে স্থানীয় একটি নির্মাণাধীন টাওয়ারের প্রাচীর ধসে তার ভবনে পড়েছে।
গাজীপুর পৌরসভার মেয়র আব্দুল করিম জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে (দাক্ষিণ খান) এলাকায় বুধবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে বেশ কয়েকটি ঘরের টিনের চালা উড়ে গেছে।
জামালপুর: সদর উপজেলার লক্ষ্মীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানায়, বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ইউনিয়নের বারুয়ামারী, চরপাড়া, চর যথার্থপুর, চান্দাপাড়া ও সূবর্ণচর এলাকার তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছে ১০ জন।
জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, ঝড়ে চর ডাকাতিয়া ও নয়াগ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে বৃহস্পতিবার সকালে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছে।
ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার উদ্দিন জানান, কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে দৌলতপুর ও ধরমণ্ডল গ্রাম দুটিতে বেশি ক্ষয়ক্ষতি হয়। সেখানে অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গুরুতর আহত রায়হান (৫) ও নজু মিয়াকে (৬) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় বুধবার রাতে ঝড়ে চারশ' কাঁচা ঘর, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝড় ও শিলা বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আম ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর, চৌডালা, বোয়ালিয়া, আলীনগর ও রহনপুর পৌর এলাকার উপর ১৫ মিনিট ধরে ঝড় বয়ে যায়।
তিনি জানান, ঝড়ে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল।
শেরপুর: বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত ও বিপুল সংখ্যক গাছপালা উপড়ে গেছে।
ঝড়ের আঘাতে শেরপুর পৌরসভার গৌরীপুর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ কেভি সঞ্চালন লাইনের দুইটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে পড়ায় ভোর ৫টা থেকে শেরপুর জেলা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে।
পরে বিশেষ ব্যবস্থায় পিডিবি'র কর্মকর্তারা দুপুর ২টা থেকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করে।
ঝড়ের সময় গাছ ও ঘর চাপা পড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর পৌরসভার নবীনগরের কাছে একটি বিশাল গাছ ভেঙ্গে পড়লে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়রা গাছটি কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া মহাসড়কের উপর একটি বিলবোর্ডও ভেঙ্গে পড়ে।
চরশেরপুর, কামারের চর, চরমোচারিয়া, বলাইয়ের চর, চরপক্ষীমারী ও বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ২৫টি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
মাদারীপুর: বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝড়ে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা বেষ্টিত চরজানাজাত ইউনিয়নের পাঁচটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ইউপি চেয়ারম্যান বজলু সরকার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠ্যাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়।
এতে ইউনিয়নের রশীদ মোল্লার কান্দি, মোজাফফর মোল্লার কান্দি, আদেল মোল্লার কান্দি, চানু বেপারির কান্দি, রহমান হাওলার কান্দি গ্রামের দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।
ঝড়ের সময় গাছ ও ঘর চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছামাদ আকন (৫৫), হাশমত হাওলাদার (২৬) ও ইদ্রিস হাওলাদারকে (২০) ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24