২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনো টিভি চ্যানেলের অনুমোদন নয়: তথ্যমন্ত্রী

আপাতত আর কোনো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপাতত আর কোনো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। তিনি বলেন, "নতুন স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমোদনের জন্য কয়েকটি আবেদন সরকারের কাছে জমা আছে। তবে, আপাতত নতুন কোনো টিভি চ্যানেল এবং বেসরকারি সংবাদ চ্যানেলের অনুমোদন দেওয়ার কোনো পরিকল্পনা নেই।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ১২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়। এগুলো হলো- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙা টিভি, সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন লিমিটেড, জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-৯, চ্যানেল টোয়েন্টিফোর এবং এস. এ চ্যানেল প্রাইভেট লিমিটেড। আওয়ামী লীগ সাংসদ আব্দুল মান্নান এক সম্পূরক প্রশ্নে তথ্যমন্ত্রীর কাছে জানতে চান- অনুমোদন দেওয়া টিভি চ্যানেলগুলোর বর্তমান অবস্থা কি ? এর জবাবে আবুল কালাম আজাদ বলেন, "এই চ্যানেলগুলোর যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে। তারা যোগ্য লোক খুঁজছে। এক বছরের মধ্যে তাদেরকে টিভি চ্যানেল চালু করতে হবে। আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং আমার সঙ্গে তাদের (অনুমোদন পাওয়া বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষ) বেশ কয়েকবার আলোচনা হয়েছে।" আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয় বেসরকারি টিভি স্টেশন চ্যানেল ওয়ান বন্ধ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২৫ ঘ.