বগুড়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের ছাতারপাড়ার আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩), একই এলাকার সোলায়মান আলীর ছেলে মন্টু (৩৫)।
আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা বর্তমানে কারাগারে রয়েছেন।
যাজ্জীবন দণ্ডিতরা হলেন- একই গ্রামের আমিরুল (২৬), টুকু (৪৫) ও আজগর আলী (২৬)।
এর মধ্যে আজগর পলাতক রয়েছেন। আদালত এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মামলার নথি থেকে জানা যায়, পয়সা ছাড়া চুল কেটে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৪ অক্টোবর রাতে কাহালু উপজেলার জামগ্রাম-শিয়ালা সড়কের ধড়কাত্র এলাকায় আসামিরা বীরেনকে ছুরিকাঘাত করে।
পরদিন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওনদিন তার ভাই বিনয় বাদি হয়ে কাহালু থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আশেকুর রহমান সুজন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আতাউর রহমান ও নুর সালাম।
এপিপি আশেকুর রহমান সুজন সাংবাদিকদের জানান, মামলার রায়ে তিনি সন্তুষ্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24