ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিকিৎসকের হাতে নিপীড়নের অভিযোগ এনে এর প্রতিবাদে ডাকা একটি সমাবেশে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন ইডেন কলেজের ১০-১২ জন ছাত্রী।
বুধবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মাইক ভাংচুর করে সমাবেশও পণ্ড করে দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুরুষ পুলিশদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য তারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাননি।
প্রশাসনের সহযোগিতায় পুলিশ ক্যামেরার মাধ্যমে সমাবেশে অংশগ্রহণকারীদের ছবি তুলে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ইডেন কলেজে প্রবেশের সময় ফটকে দায়িত্বপালনরত প্রহরী এই প্রতিবেদককে বলেন, "কলেজ ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ।"
সমাবেশস্থলে দায়িত্ব পালনকারী লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবেশে ছাত্রী লাঞ্ছনার কোন ঘটনা ঘটেনি। পুলিশ সমাবেশও পণ্ড করে দেয়নি। অনুমতি না থাকায় ক্যাম্পাসে মাইক ব্যবহারে বাধা দেওয়া হয়েছে মাত্র।"
শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বলেও জানান তিনি।
গত ৯ মে ধানমন্ডির ২ নম্বর সড়কে ডা. রফিক উদ্দিনের চেম্বারে চিকিৎসার জন্য গিয়ে নিপীড়নের শিকার হন বলে অভিযোগ ইডেন কলেজের এক শিক্ষার্থীর।
এ ঘটনার প্রতিবাদে ৫ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে- ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, কলেজ ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার স্থাপন ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ, ওই শিক্ষার্থীর উপর প্রশাসনের হয়রানি বন্ধ, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা ও অভিযোগ সেল গঠন এবং নারী রোগীর নিরাপত্তায় সর্বক্ষেত্রে চিকিৎসার সময় নার্সের উপস্থিতি বাধ্যতামূলক করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫০ ঘ.
bdnews24