২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক পেয়ে মহিউদ্দিন-মনজুর গণসংযোগ-পথসভা

প্রতীক বরাদ্দ পাওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম গণসংযোগ ও পথসভা করেছেন নগরীর বিভিন্ন স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতীক বরাদ্দ পাওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম গণসংযোগ ও পথসভা করেছেন নগরীর বিভিন্ন স্থানে। বুধবার সকালে নগীরর মুসলিম হলে জেলা নির্বাচন কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেওয়ার পর ঝটিকা প্রচারাভিযানে নামেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন। তিনি জাহাজ প্রতীক পেয়েছেন। অপরদিকে আনরস প্রতীক বরাদ্দ পাওয়ার খবর পেয়েই বিরোধীদল বিএনপি-জামায়াতসহ ১০ দল সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর প্রচারণা শুরু করেন। 'ইবা আঁর প্রতীক, ওউগ্যা ভোট দিওন' মহিউদ্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর মুনীর নগর, বড়পুল, ব্রিজঘাট, মাঝির ঘাট ও এনায়েত বাজার এলাকায় গণসংযোগ এবং বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এসময় সঙ্গে থাকা জাহাজ প্রতীক সম্বলিত একটি বড় কাগজ দেখিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, "ইবা আঁর প্রতীক, ওউগ্যা ভোট দিওন" এছাড়া, তিনি নগরীর চৈতন্য গলিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের কবর জিয়ারত করে ওই এলাকায় জনসংযোগ করেন। দুপুরে নগরীর চশমা হিলে নিজের বাসায় মহিউদ্দিন ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইমন লিভার ও রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমানের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাইমন লিভার সাংবাদিকদের বলেন, নির্বাচন ছাড়াও বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ , চট্টগ্রাম বন্দর পরিস্থিতি ও ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে তারা মহিউদ্দিনের মনোভাব জানতে চেয়েছেন। এবারের সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে সাইমন বলেন, এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট। ইউরোপীয় পর্যবেক্ষক দল এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে তিনি জানান। বৃহস্পতিবার বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী সোলায়মান আলম শেঠের সঙ্গেও তারা বৈঠক করবেন। প্রচারণার ধরন বদলালেন মনজুর সকাল ১১টায় মোবাইল ফোনে প্রতীক বরাদ্দ পাওয়ার খবর পেয়ে মনজুর আলমের কর্মীরা রাস্তার পাশের ফলের দোকান থেকে আনারস কিনতে শুরু করে। সঙ্গে সঙ্গে বদলে যায় প্রচারণার ধরনও। তারা দু'হাতে আনারস উঁচিয়ে ভোট প্রার্থনা করতে শুরু করে। সঙ্গে স্লোগান ধরে- 'সিল মারো ভাই সিল মারো, আনারসে সিল মারো'। মনজুর দিনভর নগীর ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। কখনো হেঁটে আবার কখনো পিকঅ্যাপ ভ্যানে করে চট্টগ্রামের উন্নয়নের জন্য ভোট চান তিনি। এলাকার বহুতল ভবনের বাসিন্দা থেকে শুরু করে বস্তিবাসীদের কাছে যান এ মেয়র প্রার্থী। মতবিনিময় করেন রিকশা, টেম্পো ও সিএনজি চালকদের সঙ্গে। এ সময় কর্মীরা রাস্তার দুই পাশে ভোটারদের হাতে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার স্লোগান সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২২৪৬ ঘ.