নারায়ণগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপগঞ্জের তারাবো পৌরসভার খাদুন এলাকায় বুধবার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
নিহতের নাম রহিমা বেগম (৬৫)।
আহতদের মধ্যে রহিমা বেগমের মেয়ে হেনা (২৫), মেয়ে জামাই নজরুল ইসলাম (৩২), নাতি জুবায়ের (৪), মোবারক (৪৮), কামাল (৩৫), বিল্লাল (২০), সাহেলা (৩২), নিজামউদ্দিন (৩০), নাসিমা (৫০), রজব আলী (১৮), মানিক শেখ (৫০), হেদায়েত উল্লাহকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে তারাবো পৌরসভার সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্টো-ব ১১-০৪৯৯) সঙ্গে ও নরসিংদীগামী একটি ট্রাকের (ঢাকা-ট ২১১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24