চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী গত সংসদ নির্বাচনে ভুল করেছিলো মন্তব্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তা 'সংশোধন' করবে বলে আশা করছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
বুধবার দুপুরে নগরীর গুডস হিলের বাসায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাংবাদিকদের বলেন, "গত নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিলো ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের পর কারা দেশদ্রোহী আর কারা দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা অনুমান করতে পেরেছে।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণেই সেই নির্বাচনে 'ধানের শীষ' 'নৌকা'য় পরিণত হয়েছিলো বলে মনে করেন তিনি।
সাকার অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে মহিউদ্দীন চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাকে দায়িত্বই দেওয়া হয়েছে ভোট কেড়ে নিতে।
"আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে আমাদের নেতাকর্মীদের মাঠে নামতে না দেওয়ার পরিকল্পনা করা হয়েছে", বলেন তিনি।
মঙ্গলবার বন্ধ করে দেওয়া বিএনপি সমর্থক বাংলা দৈনিক আমার দেশ এর প্রকাশনা বাতিলের নিন্দা জানিয়ে সালাউদ্দিন কাদের বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদককে নির্যাতন করার ঘটনা ১৯৭৫ সালের পরিস্থিতিকে মনে করিয়ে দিচ্ছে। এটা ২০১০ সালের বাকশালী প্রক্রিয়া।
গোয়েন্দা সংস্থার চাপে এফবিসিসিআই নির্বাচন থেকে বিএনপি সমর্থকরা সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসএএ/জিএনএ/১৬০৩ ঘ.
bdnews24