ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কথা বলেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার অনুষ্ঠিত 'রোহিঙ্গা সমস্যা : বাংলাদেশের জন্য সমাধানের উপায়' শীর্ষক এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী রোহিঙ্গাদের নতুন করে নিবন্ধন করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন-(ইউএনএইচসিআর) এর উদ্যোগের বিরোধিতা করেন।
রাজ্জাক বলেন, "অনিবন্ধিত শরণার্থীরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এদেশের সীমিত সম্পদের ওপর তারা চাপ সৃষ্টি করছে। যা সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।"
নতুন করে এদের নিবন্ধনের উদ্যোগ নিলে বেশি করে রোহিঙ্গারা প্রবেশ করবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী।
সেন্টার ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড এডভোকেসি নামক একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, মিয়ানমার সীমানার মধ্যেই ক্যাম্প স্থাপন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করা যেতে পারে।
তিনি বলেন, "ইউএনএইচসিআর এই প্রক্রিয়ায় তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে পারে। কোনো রোহিঙ্গা নিজ বাসস্থানে থাকতে না পারলে ওই ক্যাম্পে থাকবে।"
রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ দিয়ে মোহাম্মদ জমির বলেন, এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অথবা প্রয়োজনে নিরাপত্তা পরিষদের সভা ডেকেও আলোচনা করা যেতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেস'র (এপি) ব্যুরো প্রধান ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, সিপিবি'র পলিট ব্যুরোর সদস্য রুহিন হোসেন প্রিন্স, ইউএনইচসিআর, মুসলিম এইড প্রতিনিধিরা।
বর্তমানে প্রায় ২৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/জিএনএ/২১০৬ ঘ.
bdnews24