২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরকে আবারো নোটিশ

আচরণ বিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে আবারো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণ বিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে আবারো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় মঙ্গলবার তাকে নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গা এলাকায় মনজুর আলম একটি ট্রাক, ১০-১২টি মটরগাড়ি ও ৮টি মটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নির্বাচনী প্রচারণা চালান। এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বিভিন্ন দৈনিক পত্রিকায় ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মটর শোভাযাত্রা সহকারে প্রচারণা চালানো নিার্বচনী আচরণ বিধির লঙ্ঘন। আমরা পত্র-পত্রিকা ও মিডিয়ার খবর মারফত এ তথ্য জানতে পেরেছি।" তিনি আরো বলেন, রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মনজুর আলমকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২০ মে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মনজুর আলমের সমর্থকরা মিছিল করায় তাকে সতর্ক করে নোটিশ দেয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৩৬ ঘ.