২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোহাগ হত্যা মামলায় সেলিম গ্রেপ্তার

গাজীপুরে কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলার প্রধান আসামি সেলিম (২২) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলার প্রধান আসামি সেলিম (২২) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হয়েছে। র‌্যাব সদস্যরা রোববার দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশালের ধলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাবের উপ-সহকারি পরিচালক মো. শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ধলাবাজারে সেলিমের নানীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম স্বীকারোক্তিতে জানায়, গাজীপুরের সৌদি প্রবাসী পিয়াসের স্ত্রীর সাথে সোহাগের অবৈধ সম্পর্ক ছিল। এ ঘটনা জানার পর পিয়াস দেশে ফিরে আসে এবং সোহাগকে খুন করার জন্য তাকে বলে। এ ব্যাপারে পিয়াসের সঙ্গে তার ৩০ হাজার টাকার চুক্তি হয়। এরপর একটি সাজানো ঘটনায় গত ৮ জানুয়ারি ভাওয়াল রাজবাড়ি মাঠে সেলিম তার সঙ্গীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে হত্যা করে। সোহাগ স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় সোহাগের বাবা সুফী আবুল হাসেম বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হলেও কোন অগ্রগতি না পেয়ে বাদি র‌্যাবের সহযোগিতা চান। গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মদন মোহন বণিক সেলিমের গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিসিএস/কেএমএস/২০৩৭ঘ.