ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দৈনিক আমার দেশ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার বিকেলে আমার দেশ পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, "এজন্যই পত্রিকার প্রকাশক হাসমত আলীকে ধরে নিয়ে গিয়ে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা দুটি কাগজে সই (স্বাক্ষর) নিয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে এনএসআইয়ের দপ্তরে বসিয়ে রাখা হয়। গোয়েন্দারা তাকে দু'টি কাগজে স্বাক্ষর করতে চাপ দেয়।"
তিনি বলেন, "যতক্ষন পর্যন্ত তিনি স্বাক্ষর করেননি, ততক্ষন তাকে বসিয়ে রাখা হয়। পরে হাসমত আলী দুটি কাগজে স্বাক্ষর করে দীর্ঘ ৫ ঘন্টা পর বন্দিদশা থেকে মুক্তি পান।" তিনি আরও বলেন, "বর্তমান সরকারের ফ্যাসিবাদি আচরণ ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপতৎপরতা বন্ধের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সরকারের চক্রান্তের বিরুদ্ধে আমার লড়াই অব্যহত থাকবে।"
মাহমুদুর রহমান বলেন, "প্রকাশকের কাছ থেকে দু'টি কাগজে সই নেয়া হয়েছে। এর একটি ঢাকার জেলা প্রশাসককে এবং অপরটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসিকে লেখা। কাগজে লেখা রয়েছে হাসমত আলী আমার দেশের প্রকাশক নন। তার নাম প্রকাশক হিসাবে ছাপা হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে।"
তিনি বলেন, "বর্তমান সরকার ইতোমধ্যে দু'টি টেলিভিশন চ্যানেল বন্ধ করেছে। ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে ফেসবুক বন্ধ করে দিয়েছে। এখন তারা জাতীয় দৈনিক বন্ধের চক্রান্ত শুরু করেছে। এরই অংশ হিসাবে আমার দেশের প্রকাশককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই পত্রিকা বন্ধ করে আমাকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে।"
এই হীন চক্রান্তের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, "এই পত্রিকার একটি ধারা আছে। তা হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে কথা বলা। এজন্য এ পত্রিকার অনেক সংবাদই সরকারের অনুকুলে যাচ্ছে না এবং তাদের জন্য সুখকর হচ্ছে না। তাই এ পত্রিকা বন্ধ করতে চাইছে।"
তিনি জানান, এনএসআইয়ের কার্যালয় থেকে ফেরার পর হাসমত আলীর সঙ্গে তার কথা হয়েছে। হাসমত আলী তাকে বলেছেন, তিনি ভয় পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০১৬ ঘ.
bdnews24