চাঁপাইনবাবগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্বাইড মেশানোর সময় চাঁপাইনবাবগঞ্জের একটি বাজার থেকে তিন হাজার ৩৬০ কিলোগ্রাম আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের একটি আড়তে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ১০ কেজি কার্বাইড, ২০০ গ্রাম ইথোফেন ও এসব রাসায়নিক ছিটানোর একটি যন্ত্রও জব্দ করা হয়।
এ ঘটনায় আড়তের মালিক সাদেক আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান সাংবাদিকদের জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দীনের নেতৃত্বে পুলিশ ও বিডিআর সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
আমে কার্বাইড মেশানোর সময় তারা সাদেক আলীর আড়ত থেকে ১১৪ কার্টুন আম জব্দ করে। পুলিশ ও বিডিআরের উপস্থিতি টের পেয়ে সাদেক পালিয়ে যান।
এসআই জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর জব্দকৃত আম ধ্বংস করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24