২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রাসায়নিকের গুদামে আগুন

সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরে একটি রাসায়নিক কারখানার গুদামে সোমবার সকালে আগুন ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

নারায়ণগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরে একটি রাসায়নিক কারখানার গুদামে সোমবার সকালে আগুন ধরেছে। ওই সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয়। দমকলের দু'টি ইউনিট চারঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের নারায়ণগঞ্জের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, সকাল ৯টার দিকে ফতুল্লার এনায়েতনগরে এভারগ্রিন কেমিক্যালসের গুদামে আগুন লাগে। আগুন বেশি না জ্বললেও আশপাশে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ দমকলের উপ-সহকারী পরিচালক আহসানুল কবির জানান, দমকলের দু'টি ইউনিট চারঘণ্টা চেষ্টা চালিয়ে ফোম ও ড্রাই পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এনায়েতনগর এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, গুদামটি থেকে বের হওয়া ধোঁয়ার ঝাঁঝালো গন্ধের কারণে এলাকার অনেক শিশু, বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন না নেভা পর্যন্ত আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেন। গুদামের শ্রমিকরা জানান, কোনো জায়গা দিয়ে ভেতরে বৃষ্টির পানি পড়ে রাসায়নিকের সঙ্গে মিশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জীবন কান্তি সরকার জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে কথা বলতে কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.