২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতে মৃত্যু: এসআই বরখাস্ত

থানা হাজতে আসামির মৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মোহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানা হাজতে আসামির মৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মোহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নগরীর কোতয়ালী থানা হাজতে মোবাইল চুরির মামলার আসামি ও রিয়াজুদ্দিন বাজার এলাকার নৈশ প্রহরী মোহাম্মদ মানিক গত ১০ মে মারা যান। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ হেফাজতে আঘাতজনিত কারণে মৃত্যুর প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।" সোমবার সকালে মানিকের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়। এতে বলা হয়, হাজতে থাকা অবস্থায় আঘাতে তার মৃত্যু হয়। ইউনুস বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে আছেন জানিয়ে বনজ কুমার বলেন, "এ মুহূর্তে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।" নিয়ম অনুযায়ী এ মামলার তদন্ত চলবে বলে জানান তিনি। গত ৭ মে রাতে রিয়াজুদ্দিন বাজারের এশিয়া টেলিকম নামে একটি দোকান থেকে ২৮টি মোবাইলসহ দেড় লাখ টাকার মালামাল চুরি হয়। পরদিন দোকান মালিক আরমান নৈশ প্রহরী মানিককে আসামি করে একটি মামলা করেন। ১০ মে রাত ১০টার দিকে মানিককে দোকান মালিক আরমান এবং মার্কেটের মালিক মো বিট্টু মিলে থানায় সোপর্দ করেন। ১১ মে সকালে থানা হাজতে মানিকের মৃত্যু হয়। এ ঘটনায় মানিকের বড় ভাই বাদি হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এতে দোকান মালিক আরমান ও পুলিশ সদস্য ইউনুসকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২১৪ ঘ.