ভোলা , মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড়ে ভোলার মনপুরায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারসহ ছয়টি ট্রলার ডুবে গেছে। চার জেলেসহ নিখোঁজ রয়েছে একটি ট্রলার।
সোমবার দুপুরে মেঘনায় কাটাখালী ও কলাতলীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
মনপুরার সদরের মাছ ব্যবসায়ী সেলিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাতলীর চরে যাত্রীবাহী সেলিম মাঝির ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে ওঠে রক্ষা পায়।
একই সময় ওই এলাকায় নদীতে মাছধরা অবস্থায় আমিন মাঝি, আমজাদ মাঝি, কালাম মাঝি, নুরে আলম মাঝি ও আফজাল মাঝির ট্রলার ডুবে যায়। অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে।
কাটাখালী এলাকায় ঝড়ে কবলে পড়ে নিখোঁজ জাহিদ মাঝির মাছ ধরার ট্রলার। এতে আছেন- ট্রলার মালিক জাহিদ (৩৫) ও তার ছেলে আজাদ (১৪), মোছলেহ উদ্দিন (৯) ও রফিক (২২)।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তার কাছে কোনো খবর নেই।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24