২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মঞ্জুরকে সমর্থন বিএনপি'র নির্বাচনী ষড়যন্ত্র'

চট্টগ্রাম মেয়র নির্বাচনে এম মঞ্জুর আলমকে বিএনপি'র সমর্থনের বিষয়টিকে নির্বাচনী ষড়যন্ত্র হিসেবে দেখছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেয়র নির্বাচনে এম মঞ্জুর আলমকে বিএনপি'র সমর্থনের বিষয়টিকে নির্বাচনী ষড়যন্ত্র হিসেবে দেখছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরী সোমবার নগরীর লালখান বাজারে গণসংযোগের সময় বিএনপিকে উদ্দেশ করে বলেন, "তারা আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।" এরপর কার্যত মঞ্জুরকে ইঙ্গিত করে তিনি বলেন, "একারণেই দলের হোমড়া-চোমড়াদের মনোনয়ন না দিয়ে অন্যখান থেকে টেনে এনে মেয়র প্রার্থী করেছে।" চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে মঞ্জুর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত এবং বিএনপি সমর্থিত প্রার্থী। অন্যদিকে মহিউদ্দিন নাগরিক কমিটি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। গণসংযোগের সময় জনগণের প্রতিনিধি হয়ে নগরীর উন্নয়নের জন্য কাজ করতে সবার রায় চান মহিউদ্দিন। লালখান বাজার ওয়ার্ড নাগরিক কমিটি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগনেতা বদিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রয়াত শ্রমিকনেতা রহমত উল্লাহ চৌধুরীর স্ত্রী মরিয়ম বেগম, ছিদ্দিক আহমেদ প্রমুখ। সারাদিন বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত নগরীর আতুরার ডিপো, লালখান বাজার, পূর্ব বাকলিয়া, খাতুনগঞ্জ, পাথরঘাটা, আন্দরকিল্লা এলাকায় গণসংযোগ করেন মহিউদ্দিন। গণসংযোগে তিনি দলীয় ও নাগরিক কমিটির কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০২৬ ঘ.