২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে ভর্তুকি আরো বাড়বে: মন্ত্রী

আগামী অর্থবছরের (২০১০-১১) বাজেটে কৃষি খাতে ভতুর্কি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

সাভার, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরের (২০১০-১১) বাজেটে কৃষি খাতে ভতুর্কি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "সরকার কৃষি উপকরণের ওপর কৃষকদের সরাসরি ভর্তুকি দিয়ে যে সাফল্য অর্জন করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে এ খাতে ভর্তুকি আরো বাড়ানো হবে।" তবে কোন কোন উপকরণের ওপর ভতুর্কি বাড়ানো হবে তা জানাননি মন্ত্রী। রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কৃষি ভতুর্কিসহ ভালো বীজ ও সারের প্রাপ্যতা নিশ্চিত করেছে সরকার। সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে সার বীজ সংকটের কোনো ঘটনা ঘটেনি। কৃষকদের যে কোনো চাহিদা পূরণে সরকার বদ্ধ পরিকর। হরতালের নামে সরকারকে হুমকি দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে মতিয়া বলেন, "কারো দয়া দাক্ষিণ্যে নয়, জনগণের ভোট ও সমর্থন নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।" বিপিএটিসি'র রেক্টর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ। এতে আরো বক্তব্য রাখেন- কোর্স উপদেষ্টা মেজবাউল আলম, কোর্স পরিচালক কংকা জামিল। চার মাসের এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ২৩টি ক্যাডারের ২৫২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.