ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নতুন সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরবর্তী সেশনে ভর্তির জন্য একসঙ্গে একটিমাত্র পরীক্ষা নেওয়া হবে।
ক্লাস্টার পদ্ধতিতে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাক্রম ও নিজেদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এ পদ্ধতি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে চালু আছে।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে এটা বাস্তবায়ন করা হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস্টার পদ্ধতিতে ভর্তির বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তবে, ৭৩'র অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির এই নিয়ম অনুসরণ করা হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল ক্লাস্টার পদ্ধতিতে ভর্তির সুবিধা ও প্রয়োগযোগ্য সমাধান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরে উপাচার্যরা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত দেন।
শিক্ষামন্ত্রী আসন্ন সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময়, অর্থ ও দুর্ভোগ লাঘবে সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহবান জানান।
শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১০২ ঘ.
bdnews24