চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (সিসিসি) বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করে নগরবাসীকে অতিরিক্ত কর থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
রোববার দুপুরে নাগরিক কমিটির কার্যালয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগের জবাবে রোববার একথা বলেন কমিটির প্রার্থী মহিউদ্দিন।
সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন দাবি করেন কর্পোরেশনকে বাণিজ্যিক প্রতিষ্ঠান করার কারণেই জনগণকে সেবা দিতে পেরেছেন।
শনিবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত এবং বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম নগরবাসীকে সেবা দেওয়া, নালা নর্দমা পরিষ্কার করার মতো কাজের উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ আনেন।
নাগরকি কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহিউদ্দিন কথা বলার সময় তার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইসহাক মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা বদিউল আলম, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে মহিউদ্দিন চৌধুরী সকাল থেকে নগরীর মোহরা কামাল বাজার, পাহাড়তলীর ওয়্যারলেস কলোনি স্কুল, কাঠগড়, বহদ্দারহাট, বারইপাড়া, পূর্ব ষোলশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পাহাড়তলী ও দক্ষিণ কাট্টলী এলাকায় গণসংযোগ করেন। এছাড়া তার সমর্থনে বন্দর ও মিয়াখান নগর এলাকায় পৃথক পথসভাও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০২৯ ঘ.
bdnews24