২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম অঞ্চলের হিজবুত নেতা গ্রেপ্তার: পুলিশের দাবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের নেতা আমিরুজ্জামান পারভেজকে (৩১) গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের নেতা আমিরুজ্জামান পারভেজকে (৩১) গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর সংলগ্ন তৈয়ববাগ আবাসিক এলাকা থেকে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ হিজবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের নেতা বলে রোববার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম। তৈয়ববাগে হিজবুত তাহরীরের কিছু সদস্য গোপন বৈঠক করছিল খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ চট্টগ্রাম মহানগরের দায়িত্বে ছিলেন বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলে আরও চার সদস্য থাকলেও তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এই জঙ্গি সংগঠনের বিপুল পরিমাণ প্রচারপত্র, একটি মোবাইল ফোনসেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। পারভেজ নগরীর পাঁচলাইশ থানাধীন তৈয়ববাগ আবাসিক এলাকার মোহাম্মদ ইয়াছিনের ছেলে। এদিকে পারভেজ দাবি করছেন, তিনি হিজবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের নেতা নন। তবে তিনি এ সংগঠনের একজন সমর্থক বলে পুলিশকে জানান। গোয়েন্দা পুলিশ হেফাজতে পারভেজ সাংবাদিকদের বলেন, ২০০৫ সাল থেকে তিনি এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এর কর্মকাণ্ড তার ভালো লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/১৯৪৯ ঘ.