নাটোর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একটি কাজের ঠিকাদার মনোনয়নের লটারি অনুষ্ঠানে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে।
রোববার সকালে নাটোর এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত হিরা, বেলাল ও শাহিনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফজালসহ বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাস্তা নির্মাণের জন্য ৭৫ লাখ টাকার কাজের ঠিকাদার নিয়োগের লটারি অনুষ্ঠান ছিল সকাল সাড়ে ১১টায়। দরপত্রে অংশ নেওয়া ১৩ ঠিকাদারের ১০ জনের উপস্থিতিতে লটারি শুরু হয়। শান্তিপূর্ণভাবে লটারি শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুবলীগ সমর্থিত কয়েকজন ঠিকাদার এসে আবার লটারি করার দাবি জানায়।
এতে উপস্থিত ছাত্রলীগ ও যুবলীগ সমর্থিত ঠিকাদারদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে বেশ কিছুক্ষণ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, অধিকাংশ ঠিকাদারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির ফলাফল পরে জানানো হবে।
সংঘর্ষের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত বেলাল নাটোর পৌরসভার কানাইখালী ওয়ার্ড এবং হীরা লালবাজার ওয়ার্ড যুবলীগের সদস্য। তারা প্রকৃত ঠিকাদার। তাদের অবর্তমানে লাটারি হওয়ায় আবার লটারি করার দাবি জানানো হয়েছিল।
সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেন তিনি।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "ঠিকাদাররা হট্টগোলে জড়িয়ে পড়েছিল। আমরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24