বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর তাকে প্রহার করা হয়েছে অভিযোগ এনে স্থানীয় যুবলীগের তিন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিনা বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, দপ্তর সম্পাদক দুলাল আকন ও খোন্তাকাটা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আকন।
শরণখোলা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দণ্ড বিধির ৩২৩, ৩৭৯, ৩৪২ ও ৫০৬ ধারায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিনা আক্তার মামলায় অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের সঙ্গে বিরোধের জের ধরে আসামীরা গত ২ মে দুপুরে তাকে প্রহার করেছেন।
চিকিৎসার জন্য তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে ৪ মে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি উল্লেখ করেন, নিরাপত্তার স্বার্থে দুই মেয়েকে ঢাকায় ভাইয়ের বাসায় রেখে এসেছেন। তাদের লেখাপড়া বন্ধ রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে সে দায়ভারও তার উপর চাপানোর চেষ্টা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯১৮ ঘ.
bdnews24