ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দিয়েছে নেপালে বাংলাদেশ দূতাবাস।
শনিবার সন্ধ্যায় কাঠমান্ডুর এভারেস্ট হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আট হাজার মিটার উঁচুতে উঠতে সক্ষম প্রথম বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিতকেও তিনি অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ্ আল ইসলাম জ্যাকব, প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তারা, মুসাকে স্বাগত জানাতে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরা, নর্থ আলপাইন ক্লাবের প্রেসিডেন্টসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেপালের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা, মুসার সহযোগী তিন শেরপা এবং অস্ট্রেলিয়া ও হাঙ্গেরির দুই পর্বতারোহীও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব নাসরীন জাহান লিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/
bdnews24