চাঁপাইনবাবগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬ ঘণ্টা পর শনিবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ শুরু করে। প্রায় আট ঘণ্টা উদ্ধার কাজ শেষে রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে আমনুরা রেলওয়ে জংশন থেকে যন্ত্রপ্রকৌশল বিভাগের কর্মীরা এসে ট্রেনটিকে চলার উপযোগী করার চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানান মনিরুজ্জামান।
শনিবার সকাল ১০টার দিকে স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের কাছে রাজশাহীগামী একটি লোকাল ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭১৩ ঘ.
bdnews24