বরিশাল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-কাওরাকান্দি রুটে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। চলবে রোববার থেকে।
শনিবার সকাল ১১টায় নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি'র উপ-সচিব নিখিল কাঞ্চন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিরাজুল হক, বিআরটিসি'র পরিচালক গোলাম মহিউদ্দিন, মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনিরুজ্জামান, নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন প্রমুখ।
বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার আব্দুর রহিম জানান, রোববার সকাল সাড়ে ৭টায় বরিশাল থেকে মাওয়ার উদ্দেশে বিআরটিসি'র প্রথম বাস ছেড়ে যাবে। এরপর পর্যায়ক্রমে আরো তিনটি বাস ছাড়বে। সর্বশেষটি যাবে বিকাল ৪টায়।
অপরদিকে সন্ধ্যা ৬টায় কাওরাকান্দি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসবে দিনের শেষ বাস। প্রতিদিন এভাবেই চলাচল করবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে চারটি বাস চলবে। যাত্রীর চাহিদা অনুযায়ী আগামীতে আরো বাস এ বহরে যুক্ত হবে।
যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
বিআরটিসি'র উপ-সচিব নিখিল কাঞ্চন রায় জানান, এর মধ্যে দিয়ে সরকার দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24