মৌলভীবাজার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগ, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।
মিছিল করাকে কেন্দ্র করে শনিবার ছাত্র সংগঠনগুলো সংঘর্ষে লিপ্ত হয় বলে পুলিশ ও শিক্ষার্থীরা জানিয়েছে। ঘটনাস্থল থেকে ছয় শিবিরকর্মী এবং এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষের জন্য সংগঠনগুলো একে অপরকে দায়ী করছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনগুলো মিছিল বের করলে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
কলেজের শিক্ষার্থীরা জানায়, দুপুর ১টার দিকে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল বের করে। এ পরপরই সরকার সমর্থক ছাত্রলীগ মিছিল বের করলে সংঘর্ষ বেঁধে যায়। এরপর বিএনপি সমর্থক ছাত্রদল মিছিল বের করলে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।
আধা ঘণ্টা ধরে তিন পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে শিক্ষার্থীরা জানায়। ওসি অমূল্য রতন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়।
আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগকর্মী উজ্জ্বল আহমদ(২০), রুকসান আহমদ (২২), তপন পাল (২২), পাপ্পু দেব (২১), তুষার দেব (২০), সোহান আহমদ (২০), মখলিছুর রহমান (২১), শিবিরকর্মী আব্দুর রহমান (২২), ইকবাল আহমদ(২১), ছাত্রদলকর্মী রিমন রহমান (২২), জুবেল আহমদ(২১), রুবেল আহমদ (২২) এবং কলেজের কেরানী ফরিদ মিয়া (৩৮)।
তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনজুরুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবিরের জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান (২৪), শিবিরের টাউন সিনিয়র কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (২২), কলেজ শাখার সদস্য ছামাদ আহমদ (২০), আব্দুর রাজ্জাক (২২), শাকিল মাহমুদ রেসিন (২০) ও এমদাদুল হক (২২) এবং সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের সম্পাদক শফিউল ইসলাম (৪০)।
শফিউল সংঘর্ষে জড়িত ছিলো- পুলিশ এ দাবি করলেও নিজেকে নির্দোষ দাবি করে শফিউল সাংবাদিকদের বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যাম্পাস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শিবিরকর্মীদের কাছে একটি চাপাতি ও একটি কিরিচ পাওয়া গেছে বলে ওসি জানান।
সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আলাউর রহমান চৌধূুরী সাংবাদিকদের বলেন, "বিনা উস্কানিতে শিবিরের কর্মীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে।"
তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে শিবিরের জেলা সভাপতি এডি কবির বলেন, ছাত্রলীগকর্মীরাই তাদের ওপর আগে হামলা চালায়।
সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24