ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় বুয়েট ছাত্র খানজাহান সম্রাটের নিহত হওয়ার ঘটনায় বাস চালকের শাস্তিসহ নয় দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ, কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুরে বোনের বাসায় যাওয়ার পথে আজিমপুর বাসস্ট্যান্ডে 'উইনার' পরিবহনের একটি বাস সম্রাটকে চাপা দেয়। পরে ইডেন কলেজের এক কর্মচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- 'উইনার' কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা দায়ের, বুয়েট কর্তৃপক্ষের কাছ থেকে সম্রাটের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়, পলাশী মোড় ও বুয়েট ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা, পলাশীতে ভারী যানবাহন প্রতিরোধক 'খন্দকার খানজাহান গেইট' নির্মাণ, পলাশী মোড়ে স্থায়ী পুলিশ বুথ স্থাপন, নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে ছাত্র-শিক্ষক সম্মিলিত ঘোষণা, পলাশীতে স্পিডব্রেকার নির্মাণ এবং ইউটার্ন বন্ধ করা, অ্যাম্বুলেন্স ক্রয় ও শোক সপ্তাহ পালন।
এসব দাবি আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ক্লাশ বর্জনসহ সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন।
এদিকে নিরাপত্তার স্বার্থে নিউমার্কেট থেকে আজিমপুর সড়কে বৃহস্পতিবার থেকে শুক্রবার দিনভর গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের অবরোধের মুখে দিনভর পলাশী-আজিমপুর, নীলক্ষেত-পলাশী-চানখারপুল সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
সকাল থেকে বুয়েটের শিক্ষার্থীরা পলাশী মোড়ে সড়ক অবরোধ করে। বেলা দুইটার দিকে বুয়েট শহীদ মিনারের পাদদেশে সমবেত হন দুই শতাধিক শিক্ষার্থী। তারা বাসচাপায় নিহত ছাত্র খানজাহান সম্রাটের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেন।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ৯ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা ক্যাম্পাসের ভেতর শহীদ মিনারের সামনের রাস্তায় মৌন অবস্থান কর্মসূচি পালন করেন।
৯ দফা দাবি আদায়ে শনিবার দুপুর ১২টা থেকে ১ পর্যন্ত ক্লাশ বর্জন, সোয়া ১২টায় মিছিল ও উপাচার্যকে স্মারক লিপি দেওয়া এবং ১টায় মানব বন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একদিনের মধ্যেই বুয়েটের প্রবেশ ফটকে (পলাশী) ভারী যানবাহন নিরোধক ফটক নির্মাণ করেছে কর্তৃপক্ষ।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) খলিল জানান, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় না থাকলেও নিরাপত্তার স্বার্থে তাদেরকে নিউমার্কেট-আজিমপুর সড়ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩৬ ঘ.
bdnews24